ইনজুরিতে ইরফানের বিশ্বকাপ শেষ

আপডেট : ১৭ মার্চ ২০১৫, ২০:১৪


পাকিস্তানের প্রধান ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান নিতন্বের ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন। মঙ্গলবার এ তথ্য জানানো হয়। তার অনুপস্থিতির ফলে পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হকের জন্য কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার মোকাবেলা কঠিন হয়ে পড়লো।
অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার কোয়ার্টার  ফাইনালটি আগামি শুক্রবার অ্যাডেলিড ওভালে অনুষ্ঠিত হবে। মিসবাহ জানিয়েছেন এটা তাদের জন্য বড় বিপর্যয়। তবে এটি মেনে নিয়েই তাদের সামনে এগিয়ে যেতে হবে।
সাত ফুট লম্বা বাহাতি এ বোলারটির একদিন আগে এমআরআই স্ক্যান করানো হয়েছিল। তাতে  ইরফানের  নিতম্বে চিড় ধরা পরে। এই ইনজুরিই শেষ করে দিলো তার বিশ্বকাপ। পাকিস্তান ক্রিকেট দলের ফিজিও ব্রাড রবিনসন বলেন, ইনজুরিটা খুব কঠিন, নিতম্বে চিড়  ধরা পড়েছে। চোটের কারণে ইরফানের বিশ্বকাপ শেষ।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের খেলায় ব্যথা অনুভব করেন বাঁহাতি এই পেসারটি। সেই ম্যাচে পাকিস্তান ২৯ রানে জিতেছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে ইরফান খেলতে না পারলেও তাতে পাকিস্তানের কোন সমস্যা হয়নি। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ইরফানকে হারানোটা মিসবাহ-উল হকের দলের জন্য বড় ধরনের ধাক্কা।
যাই হোক পাকিস্তান ক্রিকেট দলের নীতি নির্ধারকরা অজিদের বিরুদ্ধে খেলাটির আগে ইরফানের পরিবর্তে কাউকে উড়িয়ে আনা নিয়ে ভাবছে না। তারা শুক্রবার অস্ট্রোলয়ার বিপক্ষে কোয়াটার ফাইনালের ম্যাচের রেজাল্টের দিকে তাকিয়ে আছেন। পাকিস্তান তাদের গুরুত্বপূর্ণ স্পিনার সাঈদ আজমল, মোহাম্মদ হাফিজ, পেসার উমর গুল ও জুনায়েদ খানের সেবা পায়নি। দলের এই অভিজ্ঞ বোলারদের বিশ্বকাপে না পাওয়াটা পাকিস্তান ক্রিকেট দলের জন্য তিক্ত অভিজ্ঞতা। পাকিস্তানের অধিনায়কের মতে বিশ্বকাপে তাদের অভিজ্ঞ বোলররা না থাকলেও পেসার ওয়াহাব রিয়াজ, সোহেল খান এবং মোহাম্মদ ইরফানরা সেই শূন্যস্থান পূরণ করেছেন।