জাতিসংঘ সদর দপ্তরে ‘বাংলাদেশ লাউঞ্জ’ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় সোমবার আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র সফররত জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা লাউঞ্জটি ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিসহ জাতিসংঘে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একই দিন নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের নিপীড়িত ও নির্যাতিত মানুষের অবিস্মরণীয় নেতা হিসেবে বিশ্ববাসীর হূদয়ে চির জাগরুক থাকবেন। তিনি বলেন, জাতির পিতার পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন করে যাচ্ছেন। ফলে বিশ্বব্যাপী মন্দা সত্ত্বেও বাংলাদেশ বিগত পাঁচ বছর ধরে ছয় শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল।
আলোচনা সভায় জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস, নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী প্রমুখ।
