লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পরিষদের পূর্ব গেইট সংলগ্ন দুইটি দোকান-ঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে ঘুমন্ত দুই দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার দরবেশপুর গ্রামের আবদুল হকের ছেলে চৌধুরী আলম (৪৫) ও শরিয়তপুর জেলার বাসিন্দা স্বপন মিয়ার ছেলে আবদুস সালাম (১২)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত তিনটার দিকে বাবুলের হোটেল ও জাহাঙ্গীরের কনফেকশনারীতে আগুন লাগে। পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই দোকানের ভেতর ঘুমিয়ে থাকা ওই দুই কর্মচারী ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান । অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা।
রামগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস পরিদর্শক রফিকুল হক জানান, দোকান মালিক কর্মচারীদের তালাবন্ধ করে রাখায় তারা বের হতে পারেনি। বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) কাজী মাহবুবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দেন।
