অস্তিত্ব সঙ্কটে চলনবিলের সব নদী

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ১১:১৭
বছরের পর বছর পলি পড়ে চলনবিল অঞ্চলের সকল নদী এখন ভরাট হয়ে মাঠে ময়দানে পরিণত হয়েছে। সেখানে চলছে ধানের আবাদ। তৈরি হচ্ছে বাড়িঘর।
চলনবিলের প্রধান প্রধান নদীগুলো হচ্ছে-বড়াল, নন্দকুজা, নারদ, করতোয়া, মুসাখা, গুমানী, চিকনাই ইত্যাদি। এক সময়ের প্রবাহমান বড়াল এখন হুমকির সন্মুখীন।  পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বড়াল নদীর উত্সমুখ চারঘাটে স্লুইস গেট নির্মাণের পর থেকেই বড়াল তার যৌবন হারাতে থাকে। এরপর অপরিকল্পিত স্লুইস গেট ও যত্রতত্র বাঁধ দিয়ে বড়ালকে ধ্বংস করা হয়। রাবার ড্যাম স্থাপন করে সর্বনাশ করা হচ্ছে নদীগুলোর। যেটুকু অস্তিত্ব আছে, তা উদ্ধার করতে গঠন করা হয়েছে বড়াল রক্ষা আন্দোলন কমিটি। এই কমিটি বড়ালসহ চলনবিলের নদী-খাল রক্ষায় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
চলনবিলের প্রধান নদীগুলো খনন না করায় নাব্যতা হারিয়ে মরা খালে পরিণত হচ্ছে। ফলে কৃষিকাজসহ সকল কাজে পানির সংকট তীব্র হচ্ছে। নদীগুলো খনন করে প্রবাহমান করতে এলাকার মানুষ দাবি জানিয়েছেন।