মতলবে স্কুলের পাঠদান চলে বারান্দায়

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ১১:১৮
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবে চলছে স্কুল বারান্দায় পাঠদান। ২টি শ্রেণির শিক্ষার্থীদেরকে শ্রেণিকক্ষের অভাবে স্কুল বারান্দায় পাঠদান কার্যক্রম পরিচালনার কারণে কোমলমতি শিশু শিক্ষার্থীরা দিনে দিনে শিক্ষার প্রতি তাদের উত্সাহে ভাটা দেখা যাচ্ছে।  স্কুলটিতে মোট কক্ষ সংখ্যা ৬টি যার মধ্যে শ্রেণিকক্ষ রয়েছে ৫টি এবং ১টি অফিস কক্ষ। ৯.৩০ থেকে ১২টা পর্যন্ত প্রথম পর্বে একসাথে ক্লাস পরিচালনা করতে হয় ৭টি। ফলে বাধ্য হয়েই যে কোন ২টি ক্লাস পরিচালনা করতে হয় স্কুলের বারান্দায়। স্কুলের নতুন ভবনের জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করেও অদ্যাবধি কোন সুফল পাওয়া যায়নি আর স্কুলের বর্তমান ভবটির অবস্থাও জরাজীর্ণ।
স্কুলের প্রধান শিক্ষিকা শিরিন আক্তার জানান, নতুন ভবনের জন্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিতভাবে আবেদন করেছি এবং দ্রুত ব্যবস্থা নেয়ার জন্যে কিছুদিন পূর্বে স্থানীয় সংসদ সদস্য, মাননীয় দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এর সুপারিশ নিয়েছি। মতলব উত্তর উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বলেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে উপজেলার কোন কোন স্কুলে নতুন ভবন জরুরি অগ্রাধিকারানুযায়ী সে রকম একটি তালিকা হয়েছে। আশাকরি গুরুত্বানুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে নতুন ভবন ও পুরাতন ভবনের সংস্কার এ ধরনের সকল সমস্যারই সমাধান হয়ে যাবে।