নিজেদের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক বিশ্বকাপ অধ্যায় শেষ করে এরই মধ্যে দেশে ফিরেছে ইংল্যান্ড ক্রিকেট দল। তবে দল হিসাবে প্রতিনিধিত্ব না থাকলেও কোয়ার্টার ফাইনালেও উড়বে ইংলিশ পতাকা। শেষ আটে ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের বেশিরভাগই ইংলিশ।
গত সোমবার কোয়ার্টার ফাইনালের ম্যাচ পরিচালনার জন্য কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকা অনুযায়ী ইংল্যান্ডের সর্বাধিক পাঁচজন রয়েছেন যারা কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোতে আম্পায়ার, ম্যাচ রেফারী ও টেলিভিশন আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে ১৯৯২ সালে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে পরাজিত দলের সদস্য রিচার্ড ইলিংওয়ার্থ, ১৯৮৩ সালের বিশ্বকাপ দলের উইকেটরক্ষক ইয়ান গোল্ড, রিচার্ড কেটেলবোরো এবং নাইজেল লং শেষ আটে আম্পায়ার ও টেলিভিশন আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। এছাড়া ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রিস ব্রড ম্যাচ রেফারী হিসেবে শনিবার ওয়েলিংটনে অনুষ্ঠিত নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে দায়িত্ব পালন করবেন। অস্ট্রেলিয়ারও শীর্ষ কর্মকর্তারা কোয়ার্টার ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এর মধ্যে রয়েছেন- রড টাকার, ব্রুস ওঙ্কেফোর্ড, স্টিভ ডেভিড যারা আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। ম্যাচ রেফারী হিসেবে সাবেক টেস্ট ব্যাটসম্যান ডেভিড বুন দায়িত্ব পালন করবেন। ২৪ ও ২৬ মার্চ অনুষ্ঠিতব্য দু’টি সেমি-ফাইনাল ও ২৯ মার্চ মেলবোর্নে অনুষ্ঠিতব্য ফাইনালের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নাম পরে ঘোষণা করা হবে।- বাসস
বিশ্বকাপে ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের তালিকা—
১৮ মার্চ : প্রথম কোয়ার্টার ফাইনাল, শ্রীলংকা বনাম দক্ষিণ আফ্রিকা, সিডনি ক্রিকেট গ্রাউন্ড
আম্পায়ার : রড টাকার (অস্ট্রেলিয়া), নাইজেল লং (ইংল্যান্ড)
টেলিভিশন আম্পায়ার : রিচার্ড কেটেলবোরো (ইংল্যান্ড)
ম্যাচ রেফারী : ডেভিড বুন (অস্ট্রেলিয়া)
১৯ মার্চ : দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, বাংলাদেশ বনাম ভারত, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
আম্পায়ার : ইয়ান গোল্ড (ইংল্যান্ড), আলিম দার (পাকিস্তান)
টেলিভিশন আম্পায়ার : স্টিভ ডেভিস (অস্ট্রেলিয়া)
ম্যাচ রেফারী : রোশান মহানামা (শ্রীলংকা)
২০ মার্চ : তৃতীয় কোয়ার্টার ফাইনাল, অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, অ্যাডিলেড ওভাল
আম্পায়ার : মারায়িস এরাসমাস (দক্ষিণ আফ্রিকা), কুমার ধর্মাসেনা (শ্রীলংকা)
টেলিভিশন আম্পায়ার : রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ম্যাচ রেফারী : রঞ্জন মাদুগালে (শ্রীলংকা)
২১ মার্চ : চতুর্থ কোয়ার্টার ফাইনাল, নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়াম
আম্পায়ার : রিচার্ড কেটেলবোরো (ইংল্যান্ড), ব্রুস ওঙ্কেফোর্ড (অস্ট্রেলিয়া)
টেলিভিশন আম্পায়ার : রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ রেফারী : ক্রিস ব্রড (ইংল্যান্ড)
