নেত্রকোনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদ্ল দিয়েছে আদালত। বুধবার নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, জেলার কেন্দুয়া উপজেলার স্বল্প মাইজহাটী গ্রামের শারফুল জামানের পুত্র রুবেল মিয়া বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রী ফাতেমা খাতুনের (২৫) ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। ২০০৯ সালের ২৫ আগষ্ট সন্ধ্যায় স্বামী রুবেল মিয়া ধারালো কাঁচি দিয়ে স্ত্রী ফাতেমা খাতুনকে জবাই করে হত্যা করে। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে মৃতের বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে রুবেল মিয়াকে আসামি করে পরদিন কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ২৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আজ এই আদেশ দেয়া হয়। এসময় আসামি আদলতে উপস্থিত ছিল।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পি পি আব্দুল কাদির ভূঁইয়া আর আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সামছুদ্দিন আহম্মেদ।
