নৌ-মন্ত্রী শাজাহান খান বলেছেন, মানুষের রক্ত দিয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানানো যাবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও মুক্তযুদ্ধের চেতনা লালনকারীদের ক্ষমতাচ্যুত করা যাবে না।
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মতিরহাট ডুবোচর ও ঘাট পরিদর্শনে এসে বুধবার সকালে এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নৌ-মন্ত্রী শাজাহান খান বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করেন। দেশে যখন উন্নয়ন হচ্ছে, ঠিক সে সময় খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামির সহযোগিতায় খালেদা জিয়া মানুষকে পেট্রোলবোমা দিয়ে হত্যা করছেন। কোনো মুসলমান মানুষ পুড়িয়ে মারতে পারে না। কোরআন-হাদিসে মানুষকে হত্যা করার কথা নেই। তারা মুসলমান নয়।’
সমাবেশে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহ আল মামুন, সাভার (ঢাকা) আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।
