ঈশ্বরদীতে আওয়ামী লীগ-যুবলীগ সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ১৭:২৭
পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার মুলাডুলি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বাঁধন খন্দকার মুলাডুলি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী  ও পুলিশ সূত্রে জানা গেছে, বাজারের নিয়ন্ত্রণ নিয়ে মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠুর সঙ্গে ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন খন্দকারের বিরোধ চলছিল। মুলাডুলি বাজারে মেলার দোকান বরাদ্দ নিয়ে বেলা ১২টার দিকে দুই পক্ষের নেতাকর্মীদের বাক-বিত্লা হয়। এক পর্যায়ে গুলি চালানো হলে বাঁধন গুলিবিদ্ধ হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশের ঈশ্বরদী সার্কেলের এএসপি শাহানুর আলম জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি।