উপজেলা পরিষদের পূর্ব গেট-সংলগ্ন দুটি দোকানে মঙ্গলবার দিনগত গভীর রাতে অগ্নিকাণ্ডে ঘুমন্ত দুই কর্মচারী দগ্ধ হয়ে মারা গেছেন। নিহতরা হলো—উপজেলার দরবেশপুর গ্রামের আবদুল হকের ছেলে চৌধুরী আলম (৪৫) এবং শরিয়তপুর জেলার বাসিন্দা স্বপন মিয়ার ছেলে আবদুস সালাম (১২)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান—রাত ৩টার দিকে বাবুলের হোটেল ও জাহাঙ্গীরের কনফেকশনারীতে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ২ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই দোকানের ভেতর ঘুমিয়ে থাকা দুই কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।
রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন ও উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) কাজী মাহবুবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
