আগামীকাল বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সমর্থকদের কথাই বারবার বললেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, ‘সমর্থকরা গত ১৫/১৭ বছর ধরে আমাদের সাথে আছেন। জয়-পরাজয় যাই হোক, ওরা সব সময়ই মাঠে এসেছেন আর সমর্থন দিয়ে গেছেন।’
তিনি আরও বলেন, ‘বংলাদেশ থেকে আসুক আর অস্ট্রেলিয়া প্রবাসী যাই হোক, তারা সবসময় আমাদের সমর্থন দিতে মাঠে এসেছেন। এটা দারুণ একটা ব্যাপার। আশা করি, কালও তারা মাঠে আসবেন।’ ‘৯৫ হাজারের মতো দর্শকের বেশিরভাগই হয়তো ভারতের সমর্থক হবে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা এই চাপ সামলাতে পারবো।’ যোগ করেন মাশরাফি।
ম্যাচে বোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে মাশরাফি বলেন, ‘আমাদের দলে কিছু ভালো তরুণ খেলোয়াড় আছে। ওরা পুরো টুর্নামেন্টে ভালো করছে। আশা করি, ওরা কাল এগিয়ে আসবে আর নিজেদের সেরাটা দেবে।’
