কুমিল্লায় পিকআপভ্যানের চাপায় আলী আশ্রাফ (৬৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আশ্রাফ একই উপজেলার মিথলমা গ্রামের মৃত ইমাম বক্সের পুত্র এবং তিনি আবিদপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক আলী আশ্রাফ বুধবার দুপুরে স্থানীয় নিমসার বাজার থেকে সবজি ক্রয় করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের কোরপাই এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা অভিমুখি একটি দ্রুতগামী পিকআপভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
