আমরা ম্যাচটা জিতব: রিয়াদ

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ১৯:৪৬
নেটে ব্যাট করতে নামার আগে এক জায়গায় বসেছিলেন মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, খালেদ মাহমুদ, তামিম ইকবালরা। প্যাড-ট্যাড পরে বসে থাকা মাহমুদউল্লাহ ব্যাটটা উচু করে কী যেন দেখছিলেন। আর সেই ব্যাটটার দিকে এক দৃষ্টিতে চেয়েছিলেন বাকীরা।
নিশ্চয়ই ভাবনাটা ছিল যে—এই ব্যাটে এতো রান!
অবশ্য এই ‘এতো রান’ ব্যাপারটা নিয়ে বিন্দুমাত্র তৃপ্তি নেই মাহমুদউল্লাহর। তিনি মনে করছেন, আজও যখন ব্যাট করতে নামবেন, প্রতিদিনের মতো শূন্য থেকেই শুরু করতে হবে। যেহেতু রানের মধ্যে আছেন, আজও তারই বেশি রান করাটাই দায়িত্ব বলে নিজেই দাবি করলেন এই বিশ্বকাপের অন্যতম সেরা এই ব্যাটসম্যান রিয়াদ।
ফর্মে থাকলে যে দায়িত্বটা বেশি নিতে হয়, সেটা যুক্তি দিয়েই বোঝালেন রিয়াদ। তিনি বরং মনে করছেন, বাকিরাও ভালো করছেন বলেই এ পর্যন্ত এসেছেন তারা, ‘না সবাই ভালো ব্যাটিং করেছে। কালকে আমাদের গুরুত্বপূর্ণ একটি গেম। আমরা আশা করছি সবাই ভালো করবো এবং ম্যাচটায় জিতবো।’