ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়নার বিশ্বাস বর্তমান চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ভাল করবে। এরপরও তারা বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছে না।
রায়না বুধবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বকাপের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন,‘আমরা বাংলাদেশকে হালকা করে নিচ্ছি না।এটা আমাদের জন্য বড় একটা দিন। এটা কোয়ার্টার ফাইনাল এবং আমাদের জিততেই হবে। একটা ভুল হলেই আপনাকে হারতে হবে। তাই আমাদের খেলাটির সকল বিভাগে সুশৃঙ্খলভাবে খেলতে হবে। ইতিবাচক থাকতে হবে এবং প্রতিটি বলকে উপভোগের চেষ্টা করতে হবে। আমি বাংলাদেশের বিরুদ্ধে খেলাটির জন্য খুবই শিহরন অনুভব করছি।’
ভারতের এই ব্যাটসম্যানটির বিশ্বাস বর্তমান চ্যাম্পিয়নরা তাদের পড়শিদের বিরুদ্ধে ভাল করবে। যদিও বিশ্বকাপে তাদের একটি করে জয় পরাজয়ের ইতিহাস আছে। ২৮ বছর বয়সী রায়না এ প্রসঙ্গে বলেন,‘বাংলাদেশ আমাদের বিপক্ষে ভালো করে। আমরা ২০০৭ বিশ্বকাপে ওদের কাছে হেরেছি এবং এশিয়া কাপেও আমাদেরকে বিরুদ্ধে তাদের সাফল্য আছে। তবে আমরা সেসব তথ্য নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমরা আগামিকাল যা করতে হবে এবং গ্রুপ ম্যাচগুলোতে যা করেছি তাই নিয়েই ভাবছি।’
তিনি আরো বলেন,‘আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতে হবে এবং আমরা ভাল করবো। আমাদের জন্য সত্যিকারের বিশ্বকাপ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।’
বাংলাদেশের সেরা খেলোয়াড় প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন,‘আমরা নির্দিষ্ট কোন খেলোয়াড় নিয়ে ভাবছি না। আমরা তাদেরকে স্বাগত জানাই, তারাও কোয়ার্টার ফাইনাল খেলছে। তারা আসলেই বিশ্বকাপে বেশ ভালো করেছে। দেখুন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া সবাই বিশ্বকাপের কোয়ার্টারে খেলছে। অনেকেই বলেছিল, এশিয়ার দেশগুলো পারবে না। কিন্তু সেরা ৮ দলের চারটিই কিন্তু এশিয়ার। ব্যক্তিগত ভাবে আমি এটা বেশ পছন্দ করছি। আমরা কালকে আমাদের শক্তির জায়গা দিয়ে বাংলাদেশের বিপক্ষে ভালো করতে চাই। তাদের কে আছে কে নেই এগুলো নিয়ে ভাবছি না।’
