আবহাওয়া রাডার ব্যবস্থা উন্নয়ন নকশা প্রণয়নে অনুদান দেবে জাপান

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ২৩:৪১

আবহাওয়া রাডার ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের নকশা প্রণয়নে ১ কোটি ৮২ লাখ টাকার অনুদান সহায়তা দেবে জাপান সরকার। এ বিষয়ে গতকাল বুধবার দুই দেশের সরকারের মধ্যে বিনিময় নোট এবং অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।

রাজধানীর শেরেবাংলা নগরস্থ ইআরডি সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোসিমা বিনিময় নোট এবং ঢাকায় নিযুক্ত জাইকার প্রতিনিধি মিকিও হাতেদা অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যদিকে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন স্বাক্ষর করেন।