দু’দলেরই ফিফটি ফিফটি চান্স

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ২৩:৪৭

ভারতের বিরুদ্ধে আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে আমি উত্তাপ অনুভব করছি। এই ম্যাচটা যেন অন্য সব ম্যাচের চেয়ে আলাদা। এই ম্যাচের রং সব কিছু ছাড়িয়ে গেছে। নিজ বাসায় বসে খেলা দেখবো আমি। জয়ের লক্ষ্য নিয়ে টিভি সেটের সামনে বসবো। একজন ক্রিকেটার হিসাবে আমি ভারতকে যেভাবে দেখছি বাংলাদেশকে সেভাবে দেখছি না। তারপরও সব কিছু বিচার বিশ্লেষণ করলে এক কথায় আমার কাছে মনে হচ্ছে দুই দলের জন্য আজকের ম্যাচটা ফিফটি ফিফটি চান্স। ভারত আমাদেরকে উপেক্ষা করতে পারে। কিন্তু তাই বলে ম্যাচের আগে হারিয়ে দিতে পারবে না। ম্যাচটা লড়াই করতে হবে। একটা বাস্তবতা আপনাকে মানতে হবে। আমাদের ব্যাটিং অর্ডারের চেয়ে ওদের (ভারত) ব্যাটিং অর্ডার শক্তিশালী। এটা সবাই বুঝেন তাহলে কি করতে হবে। এক কথায় বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী করতে হবে। ম্যাচ জিততে হলে বোলারদের বড় দায়িত্ব পালন করতে হবে। আমার মতো অনেকেই এক মত হবেন। আর সেটা হচ্ছে এবারই প্রথম বাংলাদেশ দল যেন একটা টিম বাংলাদেশ হয়ে লড়াই করছে। এই প্রথম একটা টিমে আছি আমরা। আমাদের দিনে আমরা যদি লড়াইটা করতে পারি তাহলে ভারতের জন্য ম্যাচটা হবে হতাশার। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফিরা আগেই ভারতের বিরুদ্ধে লড়াই করেছেন। এমন বারুদ ম্যাচে তামিমকে গুরু দায়িত্ব পালন করতে হবে। আজকের ম্যাচে তাকেই একটা ভালো স্টার্ট দিতে হবে। মুশফিক আছেন পুরো ফর্মে। সাকিব ব্যাট বল সব ক্ষেত্রেই এগিয়ে আছেন। নতুন যারা আছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ, সাব্বির রহমান রুম্মন নিজ নিজ জায়গায় ভালো খেলছেন। আজ তাদের দায়িত্ব হবে জ্বলে উঠা।