নিজেদের দক্ষতা মেলে ধরতে পারলে জিততে পারে বাংলাদেশ

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ২৩:৫৪

দেশের ক্রিকেট অনুরাগীদের কাছে আজ ভারতের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালটি যেন বিশ্বকাপের ‘ফাইনাল’।  সেই অলিখিত ফাইনাল নিয়ে গত তিন দিন ধরে চলছে নানা আলোচনা। অনেক শিক্ষা প্রতিষ্ঠানই আজ ছুটি দিয়েছে খেলা দেখার জন্য। চায়ের দোকান থেকে শুরু করে দেশের শীর্ষ পর্যায়ে, সবখানেই আজকের ম্যাচ নিয়ে আলোচনা। ক্রিকেট বিশেষজ্ঞরাও সংবাদ মাধ্যমের নানা মঞ্চে জানাচ্ছেন তাদের অভিজ্ঞতার কথা। ভবিষ্যত বাণী করছেন আজ কি হতে পারে ম্যাচে। বাংলাদেশকে জিততে হলে কি করতে হবে। সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মাশরাফিরা কিভাবে খেললে বাংলাদেশের হাতে উঠতে পারে জয়!

সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন বললেন, ‘ভারত যতই উপেক্ষা করুক বুঝতে হবে এটা কোয়ার্টার ফাইনাল। এটা ক্রিকেট ম্যাচ। আগাম বলা যাবে না। তবে যে কেউ জিততে পারে।’ সুমন আরো বলেন, ‘অনেকেই পোর্ট অব স্পেনের কথা ভাবছেন। কিন্তু আমি বলবো ২০১২-তেও আমরা হারিয়েছিলাম। আমরা যেমন এই স্মৃতিগুলো তুলে আনছি, তেমনি ভারতও নিশ্চয়ই ভুলে যাবে না। আমি বলবো আমাদের সুযোগ আছে।’

একই কথা বললেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুও। বললেন, ‘ভারতের বিরুদ্ধে চাপ আছে, আবার চাপ নেই। প্রমাণ করতে হবে ব্যক্তিগত নৈপুণ্য। ইমরুল কায়েস, রুবেল হোসেনদের প্রমাণ করতে হবে আমরা জানি। আমি মনে করি যার যার জায়গায় দাঁড়িয়ে নিজেদের দক্ষতাটা মেলে ধরতে পারলে ম্যাচ জিততে পারে বাংলাদেশ। তবে এটা মানতে হবে, ভারত অনেক এগিয়ে। এটা বাস্তবতা।’