চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ১৫:০৩
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হোসেনপুর গ্রামে বৃহস্পতিবার জমিজমা সংক্রান্ত বিরোধে সৃষ্ট দু’পক্ষের সংঘর্ষে  আশরাফ আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও ৪ জন আহত হয়। আহতদের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রামের লোকজন ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন অর রশীদ জানান, ঘটনার দিন বেলা ১০টার পর হোসেনপুর গ্রামের দর্শনা কেরু এন্ড কোম্পানীর কৃষি ফার্মের জমি দখল নিয়ে রেজাউল গ্রুপ ও হান্নান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে  গ্রামের মৃত ইয়াসেফ মন্ডলের পুত্র আশরাফ (৩৫) নিহত  ও অপর ৪ ব্যক্তি আহত হয়। আহতরা হলেন- একই গ্রামের ইসাহাকের পুত্র আকমল (৩৬), আব্দুল মান্নানের পুত্র বিপ্লব (২৫), মজিবর রহমানের পুত্র ইদ্রিস ( ৩০) ও আইনাল হোসেনে পুত্র লিটন (২৫) । 
জানা গেছে, ঘটনার সময়  বিতর্কিত ওই জমিতে কাজ করা অবস্থায় প্রতিপক্ষের  লোকজন আশরাফকে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি  কোপালে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর গ্রামে খবর ছড়িয়ে পড়লে দু’ পক্ষের মধ্যে আরেক দফা সংঘর্ষ হয়। এ সময় দু’ পক্ষেরই ৪ জন আহত হয়। 
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার  শফিউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।