পূর্বধলায় ধর্মসভা কেন্দ্র করে হামলায় এক ব্যক্তি নিহত

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ১৫:১৫
 
নেত্রকোনার পূর্বধলায় একটি মাদ্রাসায় অনুষ্ঠিতব্য ধর্মসভাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বৃহস্পতিবার সকালে আ. হামিদ ওরফে দেওয়ান আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দেওয়ান আলী উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত সাদির জমার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভবানীপুর নূরানী হাফিজিয়া মাদ্রাসায় আজ বিকেলে বাৎসরিক ধর্মসভা অনুষ্ঠিত হওয়ার কথা। অনুষ্ঠিতব্য সভার পোস্টারে ওই মাদ্রাসার সভাপতি ভবানীপুর গ্রামের আলী আহাম্মদের নাম না থাকায় গত দুদিন আগে স্থানীয় আওয়ামী লীগ কর্মী নিহত দেওয়ান আলীর ছেলে খাইয়ুমের সাথে আহাম্মদের কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষে আবারও কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিক্ষের হামলায় দেওয়ান আলী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।