প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিসহ সব ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাবে। ১৯৭১ সালের মতো সাহস ও শক্তির সঙ্গে বিদ্যমান বাধা অতিক্রম করবে।
বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে এ বছরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশীপ ‘বঙ্গবন্ধু ফেলোশীপ’ ও গবেষণা অনুদান প্রদানকালে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা বর্তমানে কিছু সমস্যার মোকাবেলা করছি। শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধা দেয়া হচ্ছে। একটি অশুভ শক্তি অবরোধ ও হরতালের নামে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কিন্তু বাংলাদেশের মানুষের যে কোন বাধা অতিক্রম করার শক্তি ও সাহস রয়েছে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ক্রিকেট দল জায়েন্ট ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যোগ্যতার স্বাক্ষর রাখছে। আমরা একদিন অবশ্যই বিশ্বকাপ জিতবো।
তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। এ জাতির অগ্রগতি কেউই ঠেকিয়ে রাখতে সক্ষম হবে না।
