বাংলাদেশ প্রতিবন্ধকতা অতিক্রম করে এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ১৬:৪৫
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে ১৯৭১ সালের মতো সাহস ও শক্তির সঙ্গে বিদ্যমান বাধা অতিক্রম করবে। বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষার্থী ও গবেষকদের মাঝে এ বছরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ ও গবেষণা অনুদান প্রদানকালে এ কথা বলেন। খবর: বাসসের।
শেখ হাসিনা বলেছেন, আমরা বর্তমানে কিছু সমস্যার মোকাবেলা করছি। শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধা দেয়া হচ্ছে। একটি অশুভ শক্তি অবরোধ ও হরতালের নামে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কিন্তু বাংলাদেশের মানুষের যে কোন বাধা অতিক্রম করার শক্তি ও সাহস রয়েছে।
বিজ্ঞান সংশ্লিষ্ট শিক্ষা এবং বিজ্ঞান ও জ্ঞান চর্চার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান সব কিছুর সঙ্গে সম্পর্কিত। বিজ্ঞানকে অবহেলা করে কেউই এগিয়ে যেতে পারে না। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া একটি দেশ এগিয়ে যেতে পারে না।
বিজ্ঞান ও প্রযুক্তিতে স্নাতকোত্তর অধ্যায়নের জন্য দেশ ও বিদেশের ২২২ জনকে ২০১০’র জুলাই থেকে ২০১৬’র ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু ফেলোশিপ এবং ২০১৪-২০১৫ সালের জন্য ১ হাজার ৩৪৩ শিক্ষার্থী ও গবেষককে এনএসটি ফেলোশিপ দেয়া হয়।
এ ছাড়া প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণা ও উন্নয়ন প্রকল্পের ক্যাটাগরিতে ৭৩ শিক্ষার্থী, বিজ্ঞান সংশ্লিষ্ট ৬২ সংস্থা এবং ৩৫টি বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে অনুদান দেয়া হয়। এর সঙ্গে বৈজ্ঞানিক গবেষণায় উত্সাহ দিতে ৩৩০ বিজ্ঞানী ও গবেষককে বিশেষ অনুদান দেয়া হয়।