চাকরি হারিয়ে দেশে ফিরে আসার হুমকির মুখে পড়তে যাচ্ছে প্রায় ৩০ লাখ প্রবাসী বাংলাদেশি শ্রমিক। আগামী ২৪ নভেম্বরের মধ্যে বিশ্বব্যাপী পুরনো পাসপোর্ট বদলে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট(এমআরপি) নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। এর পর কার্যকারিতা হারাবে পুরনো পাসপোর্ট। ফলে চাকরি হারিয়ে দেশে ফিরে আসার খড়গ ঝুলছে প্রায় ৩০ লাখ প্রবাসী বাংলাদেশি শ্রমিকের ওপর।
নির্ধারিত সময়ের মধ্যে পুরনো পাসপোর্ট বদলে এমআরপি দিতে না পারার কারণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দুষছে মালয়েশিয়ার আইরিস কর্পোরেশনকে। এই কোম্পানিটি প্রবাসীদের পুরনো পাসপোর্ট বদলে নতুন এমআরপি দেয়ার কাজ করছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী প্রায় ৬০ লাখ বাংলাদেশি বিদেশে শ্রমিক হিসেবে কর্মরত আছে। এদের মধ্যে ২০ লাখ প্রবাসীর পাসপোর্ট বদলের কাজ শেষ হয়েছে। এখন যে গতিতে এমআরপি দেয়ার কাজ চলছে তাতে নির্ধারিত সময়ের মধ্যে আরো নয় লাখ এমআরপি দেয়া সম্ভব। ফলে ২৪ নভেম্বরের পর আরো ৩০ লাখ প্রবাসীর হাতে থাকবে পুরনো পাসপোর্ট।
দ্রুতগতিতে এমআরপি দেয়ার কাজে সম্পন্ন করার জন্য ২০১৩ সালে সরকার আউট সোর্সিং এর মাধ্যমে কাজটি করার সিদ্ধান্ত নেয়। গত বছর মালয়েশিয়ার কোম্পানি আইরিস সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়ায় বসবাসরত ৪৪ লাখ বাংলাদেশির পাসপোর্ট বদল করার কার্যাদেশ পায়। কিন্তু ধীর গতিতে কাজের কারণে অনিশ্চয়তায় পড়তে যাচ্ছে প্রায় ৩০ লাখ প্রবাসী বাংলাদেশি শ্রমিক।
