শাস্তি পেতে হলো মাশরাফিকে

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ২১:৩১
 
 
একে তো আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বলি হতে হয়েছে পুরো দলকে, তার উপরে নামলো শাস্তির নতুন খড়গ। স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সেই সঙ্গে পুরো দলকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই খবর।
ইংল্যান্ডের বিপক্ষেই এই ঝামেলাতে পড়েছিলেন কাপ্তান। ঝুঁকি এড়াতে তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নামা হয়নি তার। কিন্তু কোয়ার্টার ফাইনালেও সেই একই কান্ড। স্লো-ওভার রেটের ঝামেলা থেকে যেন বেরই হতে পারছেন না তিনি। ভারতের ব্যাটিংয়ের সময় এই বিপাকে পড়েন তিনি।
শুধু এক ম্যাচের নিষেধাজ্ঞাই নয়, সঙ্গে মাশরাফির কাঁটা হচ্ছে ম্যাচ ফির ৪০ শতাংশ। বিশ্বকাপ শেষ হলেও, এই শাস্তির কারণে বাংলাদেশের আসন্ন প্রথম ম্যাচে তিনি মাঠে নামতে পারছেন না।