সরকার নির্যাতনের পথ বেছে নিয়েছে: ২০ দলের পক্ষে বুলু

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ২১:৪৮
 
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বর্তমান মুখপাত্র বরকত উল্লাহ বুলু অভিযোগ করেছেন, চলমান সংকট রাজনৈতিকভাবে সমাধান না করে সরকার গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাসী কার্যক্রম বলে জেল, জুলুম, হত্যা ও নির্যাতন করে তা স্তব্ধ করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এই অভিযোগ করে তিনি বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীর অবিলম্বে মুক্তি দাবি করেন।
বিবৃতিতে বুলু বলেন, সন্ত্রাসী ও অস্ত্র উদ্ধারের নামে ২০ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলায় গ্রেপ্তার  দেখিয়ে নির্যাতন করা হচ্ছে। সরকারকে অবিলম্বে এই গ্রেপ্তার ও নির্যাতন বন্ধ করতে হবে। তিনি বলেন, ‘অনির্বাচিত’ সরকার স্বৈরশাসন টিকিয়ে রাখতে ক্রমাগত অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকা্ল, অস্ত্র ও বোমা উদ্ধারের নামে বিরোধী মতাদর্শের  নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তার অভিযোগ, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সম্পাদক মীর নেওয়াজ আলীর পারিবারিক মালিকানাধীন বহুতল ভবনে বুধবার অভিযান চালায় পুলিশ। এসময় ওই খালি ফ্ল্যাটে অস্ত্র ও বোমা উদ্ধারের নামে নাটক সাজানো হয়। অথচ মীর নেওয়াজ ওই বাড়িতে থাকেন না। একইভ‍াবে চট্টগ্রামে দুটি কলেজের ছাত্রবাস থেকে ঘুমন্ত শিক্ষার্থীদের আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।