আনন্দময় সমাপ্তি চান আফ্রিদি

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ২২:১৪
 
পাকিস্তানের তারকা অল-রাউন্ডার শহীদ আফ্রিদি জানিয়েছেন, বিশ্বকাপ জয়ের আনন্দ দিয়ে তিনি ১৯ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানতে চান। বিশ্বকাপের পর পরই ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেবেন আফ্রিদি।
 
এর আগে বিশ্বকাপে তার পঞ্চমবারের উপস্থিতিটা বিশেষভাবে স্মরণীয় করে রাখতে চান ৩৫ বছর বয়সী এই মারকুটে অলরাউন্ডার।
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নামার আগে আফ্রিদি বলেন, ‘দল যা চায় আমি তাই করতে চাই। আমি ভক্তদের প্রত্যাশা অনুযায়ীই জীবন্ত হয়ে ওঠতে চাই এবং আমি মনে করি এটা দলকে জিততে সাহায্য করবে। আমি আনন্দপূর্ণ একটি শেষ চাই এবং আত্মবিশ্বাসী যে পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারবে।’
 
আফ্রিদি জানান, পাকিস্তান দলের ট্রেডমার্ক ‘অনিশ্চয়তা’ই অস্ট্রেলিয়ার বিপক্ষে গোপন অস্ত্র হিসেবে কাজ করবে।
 
তিনি বলেন, ‘পাকিস্তান এমন একটি দল, যারা যেকোনো প্রতিপক্ষকেই হারাতে পারে, যেকোনো প্রতিপক্ষের কাছে হারতেও পারে। প্রত্যেকেই ব্যাপারটা জানে। তবে দিনটি আমাদের হলে আমরা সেরাটাই দেখাতে পারি।’
 
ওয়ানডে ক্রিকেটে ৪০০ উইকেটের ফলক থেকে মাত্র পাচটির ঘাটতিতে থাকা আফ্রিদি পাকিস্তান দলের অন্দরমহলের খবর জানিয়ে বলেন, ‘আমাদের ড্রেসিং রুমের পরিবেশ অনেক ভালো, প্রত্যেক খেলোয়াড়ই একে অপরকে সাহায্য করছে এবং প্রত্যেকে একসঙ্গে কাজ করছে। কেননা তারা সবাই এই টুর্নামেন্টের মূল্য জানে।’
 
আর পাঁচটি উইকেট পেলেই আফ্রিদি হবেন একমাত্র ক্রিকেটার, যার নামের পাশে থাকবে ৮,০০০ রানের পাশাপাশি ৪০০ উইকেটও। ‘বুম বুম’ নামেও অভিহিত এই পাকিস্তানী ক্যারিয়ার শেষে তার জায়গায় তরুণ কাউকেই দেখতে চান, ‘আমি মনে করি নতুন খেলোয়াড়রাই এগিয়ে আসবে। যেসব খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটে ভালো করছে তারাই পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নেবে।’
 
দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে অনেক উত্থান-পতনের পাশাপাশি অনেক উপভোগ্য বিষয়ও ছিলো বলে জানান আফ্রিদি। তিনি বলেন, ‘১৯ বছর ধরে খেলা যথেষ্টের চেয়েও বেশি কিছু।
 
অন্যদের ক্যারিয়ারের মতোই আমার ক্ষেত্রেও ভালো-খারাপ সময় ছিলো। এরপরও আমি পাকিস্তানের হয়ে এই দীর্ঘ সময় খেলেছি। এমনটা হবে বলে আমি কখনোই মনে করিনি।
 
এই সময়ে পাঁচটি বিশ্বকাপ খেলা অনেক বড় কিছু। ভালো খেলতে পারি, আর নাই পারি- সব সময়ই চাপ নিয়ে খেলতে হয়েছে আমাকে। কেননা ভক্তকূল আমার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করতো। আমার ক্যারিয়ারে এমনটাই হয়েছে। কিন্তু এটা ছিলো খুবই উপভোগ্য।’—এএফপি