মধ্যপাড়া পাথর খনিতে একদিনে সর্বোচ্চ পাথর উত্তোলনের রেকর্ড

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:৫২

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দেশের একমাত্র পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্র্যানাইট মাইনিং কোম্পানিতে একদিনে সর্বোচ্চ ৫ হাজার ৭১৬ মেট্রিক টন পাথর উত্তোলন করে রেকর্ড সৃষ্টি করেছে। গত শনিবার তিন শিফটে এই পাথর উত্তোলন করা হয়। খনির ইতিহাসে তিন শিফটে এটিই একদিনে সর্বোচ্চ পাথর উত্তোলনের রেকর্ড।  খনি সূত্রে জানা যায়, দিনাজপুরের মধ্যপাড়া গ্র্যানাইট মাইনিং কোম্পানি লিমিটেড বাণিজ্যিকভাবে উত্পাদন শুরু করে ২০০৭ সালের ২৫ মে।  প্রথম অবস্থায় খনি থেকে দৈনিক ১৫ থেকে ১৮শ টন পাথর উত্তোলন হলেও, পরে তা নেমে আসে মাত্র ৫ শ টনে। এই অবস্থায় খনির উত্পাদন বাড়াতে ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি খনির উত্পাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় বেলারুশের ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম-জিটিসি’কে। পাথর উত্তোলন কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি’র নির্বাহী পরিচালক জাবেদ সিদ্দিকী জানান, খনির দায়িত্বভার গ্রহণের পর থেকে জিটিসি পাথর খনিটিকে লাভজনক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খনির নতুন স্টোপ নির্মাণ করে বিদেশি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ স্থাপন করে খনির পাথর উত্তোলন বৃদ্ধিকে গুরুত্বের সঙ্গে নিয়ে অর্ধশতাধিক বিদেশি খনি বিশেষজ্ঞ, দেশি প্রকৌশলী এবং সাত শতাধিক খনি শ্রমিক তিন শিফটে পাথর উত্তোলন কাজে নিয়োজিত আছেন।