যশোরে রেললাইনের পাশ থেকে মনিরামপুরের যুবদল নেতা মেজবাহ উদ্দিন চন্টুর (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সাতমাইল এলাকার শহীদের ইটভাটা এলাকার রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, পুলিশ তাকে ট্রেনের নিচে ফেলে হত্যা করে লাশ রেললাইনের পাশে ফেলে রেখেছে। দুদিন আগে পুলিশ তাকে ঢাকা থেকে আটক করে।
নিহত যুবদল নেতা মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য এবং ওই ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি কাশিপুর গ্রামের রাশেদ আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র মতে, গতকাল এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পরে নিহতের ভাই রুহুল কুদ্দুসসহ পরিবারের সদস্যরা হাসপাতালে এসে মেজবাহ উদ্দিন চন্টুর লাশ সনাক্ত করেন।
নিহতের আত্মীয় জিল্লুর রহমান হাসপাতাল চত্বরে সাংবাদিকদের জানান, তাদের এক আত্মীয় বিদেশ থেকে বাড়ি ফিরছিলেন। তাকে আনতে মেজবাহ ঢাকায় গিয়েছিলেন। মঙ্গলবার রাজধানীর মগবাজার এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে পাঁচ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় তার ভাইকে ঢাকা থেকে যশোরে আনা হয়। এরপর বুধবার রাতে রেললাইনে নিয়ে তাকে ট্রেনের নিচে ফেলে হত্যা করা হয়েছে।
