তিউনিসিয়ার জাদুঘরে বুধবারের হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। টুইটারে প্রকাশিত এক অডিও বার্তায় এই দায় স্বীকার করে সংগঠনটি।
আইএসের হয়ে প্রচারণা চালায় এরকম একটি টুইটার একাউন্টে প্রকাশিত এই অডিও বার্তায় জাদুঘরে আক্রমণকারী দুই ব্যক্তির নামও প্রকাশ করা হয়েছে।
হোয়াইট হাউস বলছে, বার্তাটি নির্ভরযোগ্য কিনা এই বিষয়ে তারা নিশ্চিত হতে পারেনি। তবে যেভাবে হামলা হয়েছে এর সাথে আইএসের আগের কিছু হামলার মিল রয়েছে।
প্রকাশিত বার্তায় বলা হয়েছে ‘তিউনিসিয়ায় অবিশ্বাসীদের ঘাটিতে সফল হামলা চালানো হয়েছে’।
মার্কিন কর্তৃপক্ষ বলছে আইএস-এর হয়ে যুদ্ধ করার জন্যে তিউনিসীয় বহু নাগরিক ইতিমধ্যেই সিরিয়া ও ইরাকে ভ্রমণ করেছে।
এই হামলা নিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট বলেছেন, হামলায় যে কলাকৌশল বা পদ্ধতি ব্যাবহার করা হয়েছে, নিরপরাধ মানুষদের সঙ্গে যেভাবে নৃশংসতা করা হয়েছে, সেগুলো সবই আই-এস এর সঙ্গে মিলে যায়।
রাজধানী তিউনিসের একটি জাদুঘরে বুধবারে যে ভয়াবহ হামলা হয়েছিল এরই প্রেক্ষিতে সন্দেহভাজন নয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বুধবারের সেই হামলায় যে দুই অস্ত্রধারী ছিল তারাও লিবিয়ার ইসলামিস্টদের সাথে যোগ দিয়ে ট্রেনিং নিয়ে এসেছে তথ্য পাওয়া যাচ্ছে।
তিউনিসিয়ার ঐ হামলায় ২০ বিদেশি পর্যটক সহ ২৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে জাপান, কলাম্বিয়া, অস্ট্রেলিয়া, ইতালি, ব্রিটেন ও স্পেনের নাগরিক রয়েছেন।
-বিবিসি
