নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, গ্রেফতার এড়ানোর জন্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আত্মগোপনে আছেন। সরকার সালাউদ্দিনকে গ্রেফতারের জন্য খুঁজছিলো এটা সত্য। কিন্তু তাকে পাওয়া যায়নি। কারণ তিনি নিজেই আত্মগোপনে চলে গেছেন। তবুও সরকারের পক্ষ থেকে তার সন্ধানের চেষ্টা চালানো হচ্ছে।
শুক্রবার কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাশকতারোধ ও সড়কপথে সুষ্ঠুভাবে নিরাপদ যানবাহন চলাচলের লক্ষ্যে চার জেলার বাস-ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন।
