রাবিতে ছাত্রলীগের দুইপক্ষে মারামারি, উত্তেজনা

আপডেট : ২১ মার্চ ২০১৫, ১৭:৪২
 
চায়ের দোকানের বেঞ্চে বসার মত তুচ্ছ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সৈয়দ ইসমাঈল হোসেন সিরজী ভবনের সামনের চায়ের দোকানে এই ঘটনা ঘটে। এনিয়ে সভাপতি রানা ও সহ-সভাপতি রাঞ্জু গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সভাপতি গ্রুপের কর্মী মেহেদী হাসান তার বন্ধুদের নিয়ে ওই চায়ের দোকানের দুটি বেঞ্চ দখল করে বসে ছিলো। এসময় সহ-সভাপতি রাঞ্জু গ্রুপের নেতা ফারুক হোসেন সেখানে গিয়ে মেহেদীকে একটি বেঞ্চ দিতে বলে। কিন্তু মেহেদী বেঞ্চ ছেড়ে দিতে অস্বীকার করলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফারুক, মেহেদীকে থাপ্পর দেয়।
 
পরে মেহেদীর নেতৃত্বে ফারুকের উপর হামলা হয়। রাতেই রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের হস্তক্ষেপে উভয়পক্ষে মিমাংসা হয়। তবে বিবদমান নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
 
রাবি ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনা ঘটলেও খুব দ্রুতই মিমাংসা হয়েছে।
 
এদিকে যে বেঞ্চে বসা নিয়ে মারামারি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসানের নির্দেশে ওই বেঞ্চগুলো নিয়ে গেছে প্রশাসন। তিনি বলেন, যে দোকানের বেঞ্চ নিয়ে ঝামেলা দোকানগুলো অবৈধ ছিল। বারবার নোটিশ দিলেও তারা সরেনি। ওই দোকান নিয়ে আগেও ঝামেলা হয়েছিল। ওই দোকনের পাশের রাস্তা দিয়ে ছাত্রীরা যাতায়াত করে। চা খাওয়ার নামে বহিরাগতরা ওই বেঞ্চে বসে ঝামেলা করে।