ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পুননির্ধারিত তফসিল ঘোষণা করা হয়েছে।
শনিবার বেলা ১১ টার সময় ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান সহ ভর্তি কমিটির সদস্যবৃন্দ। ঘোষিত তফসিল অনুযায়ী মেধা তালিকা থেকে ভর্তির জন্য সাক্ষাত্কার ৪ এপ্রিল হতে ৮ এপ্রিল পর্যন্ত এবং ভর্তি ৪ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত।
মেধা তালিকা থেকে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বিভাগ পরিবর্তন ১৮ এপ্রিল হতে ২০ এপ্রিল পর্যন্ত। বিশেষ কোটায় ভর্তির আবেদন সংগ্রহ ৪ এপ্রিল হতে ৯ এপ্রিল পর্যন্ত। অপেক্ষমান ও বিশেষ কোটায় ভর্তি ও বিভাগ পরিবর্তন ২১ এপ্রিল হতে ৩০ এপ্রিল পর্যন্ত করা যাবে। ক্লাস শুরু ২ মে ২০১৫ হতে।
এছাড়া সভায় অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস, পরীক্ষা ও হলসমূহ খুলে দেয়ার ও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd-G আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
এই দিকে ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে শনিবারও সাধারন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট অবরোধ করে। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা প্রতিকি ফাঁসি ও বিষ খেয়ে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধের প্রতিবাদ জানায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা এসে আগামী ৪ এপ্রিলের আগেই ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা চালুর আশ্বাস দিলে শিক্ষার্থীরা সাময়ীকভাবে তাদের অবরোধ তুলে নেয়।
ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার বলেন, আগামী ৪ এপ্রিল থেকে ভর্তি কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে ক্লাস-পরীক্ষা চালুর ব্যাপারে তিনি বলেন সকল শিক্ষক সংগঠন ও ছাত্র সংগঠনগুলোর সাথে কথা বলে ক্যাম্পাস খুলে দেওয়ার চেষ্টা করছি আমরা।
