সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে এগিয়ে রাখছেন মিসবাহ

আপডেট : ২১ মার্চ ২০১৫, ১৯:৪৬
সিডনির স্পিন সহায়ক কন্ডিশনের কারণে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ফেবারিট বলে মনে করছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত।
এডিলেড ওভালে কোয়ার্টারফাইনালে শুক্রবার অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে পরাজিত হওয়া পাকিস্তান অধিনায়ক মিসবাহ বলেন, টুর্নামেন্টের শেষ চারের লড়াইয়ে সহ-আয়োজকরা মানসম্পন্ন স্পিনারের অভাব বোধ করবে।
শুক্রবার অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হওয়ার পর ওয়ানডে ক্যারিয়ার শেষ করা ৪০ বছর বয়সী মিসবাহ বলেন, সিডনিতে খেলারর সময় অস্ট্রেলিয়া মানসম্পন্ন স্পিনারের অভাব বোধ করবে। এ মাঠে এটাই (স্পিন) পার্থক্য গড়ে দিতে পারে কারণ সিডনিতে স্পিনারদের ব্যাপক সাফল্য রয়েছে এবং ইমরান তাহির অন্যদিন খুবই ভাল করেছে। সুতরাং এটা অস্ট্রেলিয়ার জন্য একটা সমস্যা হতে পারে। তাদের কিছুটা সমস্যা হতে পারে। যদিও এটা খুবই কঠিন একটি ম্যাচ হবে কারণ উভয় দলই ভাল ক্রিকেট খেলছে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বুধবারের কোয়ার্টারফাইনালে শ্রীলংকার বিপক্ষে ৯ উইকেটে জয় পাওয়া ম্যাচে লেগ স্পিনার তাহিরের ২৬ রানে ৪টি এবং হ্যাট্রিক করা জেপি ডুমিনির ২৯ রানে ৩ উইকেট শিকারের সুবাদে প্রতিপক্ষকে মাত্র ১৩৩ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা।
কিন্তু একই মাঠে বিশ্বকাপে এর আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ৩৭৬ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৪০৮ রান করেছিল।
টুর্নামেন্ট শুরু আগে টেস্ট ও ওয়ানডে সিরিজে পরাজিত হওয়া বর্তমান চ্যাম্পিয়ন ভারত বিশ্বকাপে দারুনভাবে ঘুড়ে দাঁড়িয়েছে। এ পর্যন্ত সাত ম্যাচ খেলে অপরাজিত রয়েছে তারা।
ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটা অত্যন্ত চ্যালেঞ্জর হবে বলে স্বীকার করেছেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। তবে এসসিজিতে স্পিন গুরুত্বপূর্ণ বিষয় হবে-মিসবার এমন ধারণার সঙ্গে একমত নন ক্লার্ক।