মুক্তাগাছায় ট্রাকের সাথে সংঘর্ষে বেবিট্যাক্সির ৬ যাত্রী নিহত

আপডেট : ২২ মার্চ ২০১৫, ০০:৪৫

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা ভাবকীর মোড় এলাকার মারুফ ফিলিং স্টেশনের সামনে বালু-ভর্তি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ২ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ময়মনসিংহ থেকে একটি ট্রাক বালু-ভর্তি করে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। অপরদিকে লেংড়ার বাজার থেকে ৬ জন যাত্রীসহ সিএনজিচালিত অটোরিকশা মুক্তাগাছা আসার পথে ভাবকীর মোড়ে এলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। মানকোন ইউনিয়নের রামপুর গ্রামের কদর আলীর পুত্র আলাল (৪০), একই এলাকার শাহেদ আলীর পুত্র ছমির (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মণ্ডলসেন গ্রামের নুর মোহাম্মদের পুত্র আকবর (৩২) মারা যায়। গুরুতর আহত ভট্টবাড়ীর জালাল (৩২), রফিকুল (৩৫), নিজামউদ্দিন (৩২) ময়মনসিংহ কাশরের শফিকুল (৪০) ও স্থানীয় তুলা ব্যবসায়ী সেলিমকে (৬০) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে জালাল, সেলিম ও শফিকুল মারা যান। আহত রফিকুল ও নিজামের অবস্থা আশংকাজনক। পুলিশ ঘাতক ট্রাক চালক নাহিদকে (২০) আটক করেছে। সে জানায়, তার ড্রাইভিং লাইসেন্স নেই, লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে। বালুভর্তি ট্রাকটি ময়মনসিংহ থেকে টাঙ্গাইল এলেঙ্গা যাচ্ছিল। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক ঘণ্টাখানেক অবরোধ করে রাখে।

পুলিশ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ড. উম্মে আফসারী জহুরা ও সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন উপস্থিত হয়ে অবরোধকারীদের দাবি মোতাবেক স্পিডব্রেকার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এ সময় মহাসড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়।