সাতক্ষীরা সদর উপজেলার গাজিপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষ ও শিশুসহ ৪০ জনকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার রাত নয়টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২০ পুরুষ, ১২ নারী ও আট শিশু রয়েছে। আটককৃতদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।
সাতক্ষীরা ৩৮ বিজিবির আওতাধীন গাজীপুর বিওপির নায়েক সুবেদার নাসির জানান, একটি দালাল চক্র বেশ কিছু লোককে অবৈধভাবে ভারতে পাঠাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গাজিপুর সীমান্তের গাংনিয়া ব্রিজের উপর অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৪০ জনকে আটক করা হয়। তবে দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়। রবিবার সকালে বিজিবি আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেছে।
