পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ২২ মার্চ ২০১৫, ১৭:৪২



 বাংলাদেশে নবনিযুক্ত ইরানী রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি দাহনভি আজ সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে তারা বাংলাদেশ ও ইরানের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত আব্বাসের মেয়াদকালে এই সম্পর্ক আরো জোরদার ও সম্প্রসারিত হবে বলে পররাষ্ট্রমন্ত্রী আশা করেন।
তিনি তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং তার সুস্বাস্থ্য কামনা করেন। মাহমুদ আলী ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত সুখ, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
ইরানী রাষ্ট্রদূতও আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে গভীরতা ও মাত্রা উভয় ক্ষেত্রে আরো সম্প্রসারণ ও সংহত হবে। খবর বাসস।