‘বর্ষা ও ঈদের আগেই মহানগরীর রাস্তাঘাট সংস্কার ’

আপডেট : ২২ মার্চ ২০১৫, ১৮:২০
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, বর্ষা ও ঈদের আগেই মগবাজার ফ্লাইওভার নির্মাণ কাজের জায়গা এবং মহানগরীর রাস্তাঘাট পরিষ্কার করতে হবে যাতে কোথাও পানি এবং বর্জ্য সয়লাব হতে না পারে। মগবাজার এলাকায় যাত্রীদের বেশি দুর্ভোগ হচ্ছে। কেবল  মগবাজার নয় রাজধানীতে প্রবেশ করার রাস্তাগুলোকেও সংস্কার করতে হবে।
 
 রবিবার ঢাকা সিটি কর্পোরেশনের (নগর ভবন) সভা কক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের বোর্ড সভায় (ডিটিসিএ) সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
সেতু মন্ত্রণালয়ের সচিব এমএন সিদ্দিক, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
 
ওবায়েদুল কাদের বলেন, ২০১৯ সালের মধ্যে মেট্রোরেলের উত্তরা থেকে ফার্মগেট অংশের কাজ শেষ হবে। ফার্মগেট থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত মেট্রোরেলের কাজ ২০২০ সালে শেষ হবে।
 
তিনি বলেন, ৮টি প্যাকেজে ভাগ করে মেট্রোরেল প্রকল্পের দরপত্র আহ্বান করা হচ্ছে। ইতোমধ্যে ২টি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে। এ বছর ডিসেম্বরের মধ্যে দরপত্র আহ্বানের কাজ শেষ হবে।