ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা ছিনিয়ে নেয়ার জন্য যশোরের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার এক মাঠকর্মীকে গুলি করে করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা ২টার দিকে সদর উপজেলার বাওলিয়া মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বিশ্বজিৎ মণ্ডলকে (৩০) বিকেল সাড়ে ৫টায় চ্যানেল আইয়ের হেলিকপ্টারে ঢাকার অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ বিশ্বজিৎ জাগরণী চক্রের মাঠকর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তার বাড়ি যশোরের অভয়নগর উপজেলার পায়রা গ্রামে।
জাগরণী চক্রের সদর উপজেলার ঝুমঝুমপুর শাখা ব্যবস্থাপক নাহিদুল ইসলাম জানান, বাওলিয়া গ্রাম থেকে ক্ষুদ্রঋণের কিস্তির টাকা আদায় করে বিশ্বজিৎ অফিসে ফিরছিলেন। দুপুর ২টার দিকে বাওলিয়া মোড়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে টাকা ছিনতাই করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক অজয় কুমার সরকার জানান, রোগীর অবস্থা আশংকাজনক হওয়া তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
জাগরণী চক্রের জনসংগোগ কর্মকর্তা হাসিব নেওয়াজ ইত্তেফাককে জানান, চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চ্যানেল আইয়ের হেলিকপ্টারে ঢাকার অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়েছে। বিকেল সাড়ে ৫টায় যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম থেকে হেলিকপ্টার তাকে ঢাকায় নিয়ে যায়। তার সাথে সংস্থার দুজন কর্মী রয়েছেন। সংস্থা তার চিকিৎসাব্যয় বহন করছে।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আক্কাস আলী জানান, বিশ্বজিৎ গুলিবিদ্ধ হবার ঘটনার ক্লু আমরা উদঘাটন করতে পেরেছি। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।
