দোয়া নিলেন নাছির, পরামর্শ দিলেন মহিউদ্দিন

আপডেট : ২২ মার্চ ২০১৫, ১৯:১৪
 
 
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছিরকে বিজয়ী করতে তার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। একই সঙ্গে পূর্ব ঘোষিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী থেকে নিজের নামও প্রত্যাহার করেছেন তিনি। পরে আজ রবিবার সকাল নয়টা ৪০ মিনিটে এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে যান নাছির। নাছিরকে অভ্যর্থনা জানান মহিউদ্দিন চৌধুরী। এ সময় মহিউদ্দিন  চৌধুরীর পা ছুঁয়ে সালাম করেন নাছির এবং নির্বাচনে জয়লাভে দোয়া ও পরামর্শ জানতে চান।
 
এবিএম মহিউদ্দিন চৌধুরী নির্বাচনী পরিকল্পনা ও কর্মকাণ্ড সম্পর্কে জানতে চান। এ সময় আজম নাছির বিস্তারিত নির্বাচনি পরিকল্পনা তুলে ধরেন। থানায়, থানায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন নিয়ে নিজের সিদ্ধান্ত মহিউদ্দিনকে জানান নাছির। পরে মহিউদ্দিন চৌধুরী ও আজম নাছির একে অপরের মুখে  মিষ্টি তুলে দেন।
 
প্রায় একঘণ্টা আলাপকালে মহিউদ্দিন চৌধুরী ও আজম নাছিরকে খুব হাস্যেজ্জল দেখা গেছে। আজম নাছির বারবার মহিউদ্দিন চৌধুরীর কাছে কখন কি করবেন, কিভাবে করবেন বা কিভাবে করলে ভাল হয় সে বিষয়গুলো জিজ্ঞেস করেন। মহিউদ্দিন চৌধুরী সাবলিলভাবে বিষয়গুলো বুঝিয়ে দেন আজম নাছিরকে।  
 
মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি। মেয়র নির্বাচনে নাছিরকে নেত্রী (প্রধানমন্ত্রী) মনোনয়ন দিয়েছে। সে আমার স্নেহভাজন। সকলকে তার পক্ষে কাজ করতে হবে। আমাদের বিজয় সুনিশ্চিত।