বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে ফিরিয়ে না দিলে সরকারকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে। রবিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সালাহউদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার পর ১২ দিন অতিবাহিত হয়েছে। এখনো তাকে মুক্তি দেয়া, আদালতে হাজির করা, এমনকি গ্রেফতারের কথা স্বীকার পর্যন্ত করা হচ্ছে না। এতে দেশবাসীর উত্কণ্ঠাও সীমাহীন পর্যায়ে পৌঁছেছে।
বেগম জিয়া বলেন, বিএনপিসহ ২০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর তাঁদের নিখোঁজ ও গুম করে ফেলা আওয়ামী সরকারের আমলে এক নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গ্রেফতারের কথা অস্বীকারের পর বিভিন্ন যায়গায় নেতা-কর্মীদের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনাও ঘটছে। অনেকের পরিবার লাশটি পর্যন্ত ফেরত পায়নি।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহউদ্দিনকে গ্রেফতার করে নিয়ে যাবার আগে পরে স্থানীয় তরুণ ও নিরাপত্তা কর্মী এবং বাসার দারোয়ানের সঙ্গে তাদের কথা হয়েছে। তাদের পরিচালিত অভিযানের অনেক প্রত্যক্ষদর্শী রয়েছে। কাজেই তাকে গ্রেফতারের কথা অস্বীকার করে দায় এড়াবার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উত্কণ্ঠার বিষয়টাও সরকারের মনে রাখা উচিত।
বেগম খালেদা জিয়া বলেন, সালাহউদ্দিন আহমেদের মতো একজন রাজনীতিবিদ এভাবে উধাও হয়ে যাবে আর ক্ষমতাসীনরা সেটা নিয়ে উত্কট রসিকতা করে পার পেয়ে যাবে এমন মনে করার কোনো কারণ সবাইকে এ ব্যাপারে সোচ্চার হবার আহ্বান জানাই। কেননা দেশে এখন কেউ-ই নিরাপদ নয় যে কেউ যে কোন সময় গুম কিংবা খুন হয়ে যেতে পারেন। সালাহউদ্দিন আহমেদকে অনতিবিলম্বে তার পরিবারের কাছে ফেরত কিংবা আদালতে হাজির করার জন্য আমি দাবি জানাচ্ছি। অন্যথায় ভবিষ্যতে এর জন্য সরকারকে কঠিন পরিণতির সন্মুখীন হতে হবে।
