জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাটককে দর্শকের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। দর্শকের মাঝে তার নাট্যভাবনা মেলে ধরার তাগিদে একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় প্রথমবারের মত জাতীয় কবির ৫টি নাটক নিয়ে শুরু হলো তিন দিনব্যাপী নজরুল নাট্যোত্সব।
সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে উত্সবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নজরুল গবেষক অনুপম হায়াত।
উদ্বোধনী সন্ধ্যায় আলোচনা শেষে কাজী নজরুল ইসলাম রচিত ও আরিফ হায়দার নির্দেশিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাটক ‘শিল্পী’ মঞ্চস্থ হয়। নাটকটি প্রসঙ্গে নির্দেশক আরিফ হায়দার বলেন, নাটকে এমন কী কথা থাকে যা বলে বোঝাতে হয়? কাজী নজরুল ইসলামের শিল্পী নাটকটি নির্দেশনা ও পরিকল্পনা সহজ-সরলভাবে করবার চেষ্টা করেছি। নাট্যকার তাঁর সংলাপে যে আবেদন তৈরি করে রেখেছেন শুধুমাত্র সেটুকুই পাত্রপাত্রীর মাধ্যমে অভিনয়শৈলী দিয়ে নাট্যনির্মাণে প্রচেষ্টা মাত্র।
প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিত্ ঘোষ, শারমিন আকতার, প্রিয়াংকা সাহা, হীরা খাতুন ও মার্জিয়া জুঁই।
সোমবার উত্সবের দ্বিতীয় একই মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাটক ‘সেতুবন্ধ’। আর সন্ধ্যা সাড়ে সাতটায় প্রদর্শিত হবে লোকনাট্যদল সিদ্ধেশ্বরী’র নাটক ‘শিল্পী’। মঙ্গলবার সমাপনী দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ‘ রতিআরতিরকাব্য’ এবং সন্ধ্যা সাড়ে ৭টায় প্রাঙ্গণেমোরের নাটক ‘দ্রোহ প্রেম নারী’ মঞ্চস্থ হবে।
