একশ’ মার্কিন সৈন্যকে হত্যার হুমকি আইএসের

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ০১:৩৬

একশ’ মার্কিন সেনাকে হত্যার হুমকি দিয়েছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এই সেনাদের নাম, ঠিকানা ও ছবি অনলাইনে পোস্ট করে তাদের হত্যা করার জন্য ‘আমেরিকায় বসবাসকারী সদস্যদের’ প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। তথ্যটি ইন্টারনেটে পোস্ট করার পর পেন্টাগন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখছে তারা। খবর রয়টার্সের।

শনিবার নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘তথ্যটির যথার্থতা আমি নিশ্চিত করতে পারছি না, তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’ ইন্টারনেটে ছাড়া পোস্টটিতে, একটি গোষ্ঠি নিজেদের ‘ইসলামিক স্টেট হ্যাকিং ডিভিশন’ পরিচয় দিয়ে ইংরেজিতে লিখেছে যে, তারা বেশ কয়েকটি সামরিক সার্ভার, ডাটাবেজ এবং ইমেইল হ্যাক করেছে এবং মার্কিন সামরিক বাহিনীর ১০০ সদস্যের তথ্যগুলো জনসম্মুখে এনেছে যাতে হামলাকারীরা তাদের হত্যা করতে পারে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেখে মনে হয়নি তথ্যগুলো যুক্তরাষ্ট্রের সরকারি সার্ভার থেকে হ্যাক করে নেয়া হয়েছে। সংবাদপত্রটিতে দেয়া উদ্ধৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, সেনা সদস্যদের অধিকাংশের নাম, ঠিকানা পাবলিক রেকর্ড, বাসস্থানের ঠিকানা অনুসন্ধান সাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করা যেতে পারে। অন্যান্য কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে টাইমসের প্রতিবেদনটিতে বলা হয়েছে, সেনা সদস্যদের তালিকাটি আইএস’র ওপর চালানো বিমান হামলার সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সেনা সদস্যদের নাম থেকে সংগ্রহ করা হয়েছে বলে মনে হচ্ছে। যাদের নাম, ঠিকানা দেয়া হয়েছে তাদের আমেরিকার অবিশ্বাসী, খ্রিস্টান ও ‘ক্রুসেডার’ বা ধর্মযোদ্ধা হিসাবে তুলে ধরা হয়েছে।