জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে বিএসএফ বাংলাদেশি দরিদ্র কৃষকদের আবাদি জমি জোর করে দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমি হারিয়ে গরিব কৃষকরা অসহায় হয়ে পড়েছেন।
বাংলাদেশের মৌজা নকশায় দেখা যায় ২৮০ নং মূল সীমানা পিলারের ১০ ও ১১ নং সাব-পিলার থেকে ১২ ও ১৩ নং সাব-পিলারের মধ্যবর্তী ৫৭ লিংক একটি ভাঁজ আছে। ১০ নং সাব-পিলার থেকে ১২ নং সাব-পিলার পর্যন্ত ঐ ভাঁজে উচনা সোনাতলা গ্রামের হাফিজউদ্দীন মন্ডল, নজিমউদ্দীন, আব্দুল লতিফ, সফিজউদ্দীন, আব্দুল গনি, আব্দুস সোবহান ও আব্দুল মাজেদের ভিন্ন ভিন্ন দাগে প্রায় তিন বিঘা জমি আছে। যার দাগ নং- ৩৩৭, ৩৩৮, ৬৩৫, ৬৩৬, ৭ ও ৮। পিলার টু পিলার সোজা হিসাব করায় ঐ সকল দাগের বড় অংশ জমি ভারতের মধ্যে পড়ছে। কৃষকরা অভিযোগ করেছেন, বিএসএফ বর্তমানে ঐ জমিতে চাষাবাদ করতে বাধা দিচ্ছে। পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুউদ্দীন আল ফারুক জানান, জমি দখলের বিষয়টি চূড়ান্ত নয়। জেলা প্রশাসন ও বিজিবির সহায়তায় অতি দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। বাংলাদেশের একইঞ্চি জমিও ভারতের ভিতর যেতে দেয়া হবে না।
জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, জেলা প্রশাসনের সহায়তায় ইতোমধ্যে বাংলাদেশ-ভারত যৌথ সার্ভে পরিচালনা করা হচ্ছে। বিষয়টি অতিদ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
