চকরিয়ায় রাবার ড্যাম ছিঁড়ে বোরো চাষ হুমকির মুখে

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১১:১৫


চকরিয়ায় শনিবার রাতে চার মাসের ব্যবধানে আবারো ছিঁড়ে গেছে বাঘগুজারা রাবার ড্যামের রাবার। সমুদ্রের লবণাক্ত পানি নদীর উজানের দিকে ঢুকে পড়ায় চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রায় ৬০ হাজার একর জমির বোরো ধানের চাষ হুমকির মুখে পড়েছে। উপজেলার মাতামুহুরী নদীর মিঠা পানি আটকিয়ে বোরো চাষের জন্য প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়।
জানা যায়, কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় রাবার ড্যামটি। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০০৫-০৬ অর্থবছরে কাজ শুরু করে নির্মাণ কাজ শেষ করে ২০১২-১৩ অর্থবছরে। দুই বছর না যেতেই ২০১৪ সালের ১১ নভেম্বর পানির প্রভাবে খুলে যায় ড্যামের রাবার। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৮ লাখ টাকা খরচ করে এক মাস পর ড্যামটি মেরামত করা হয়। উপজেলার কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, নির্মাণ কাজের মতো মেরামত কাজেও অনিয়ম করা হয়েছে। তা না হলে চার মাস আগে মেরামত করা ড্যামের রাবার ফের কীভাবে খুলে যায়।
পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজিজ মোহাম্মদ চৌধুরী বলেন, অস্বাভাবিক জোয়ারের পানির চাপে রাবার ড্যামের ৪টি ব্যাগের মধ্যে একটি ব্যাগ ছিঁড়ে গেছে। মেরামতের জন্য সোমবার যান্ত্রিক বিভাগের প্রকৌশলীরা ঢাকা থেকে এসে পৌঁছাবেন। ৩/৪ দিনের মধ্যে মেরামত কাজ শেষ হবে।
তবে ড্যাম নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ২০১৩ সালে কাজ শেষ করে পানি উন্নয়ন বোর্ডকে হস্তান্তর করার পর ড্যামের ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন দায়বদ্ধতা নেই। পলি অপসারণ না করায় প্রথমবার ড্যামের রাবার ছিঁড়ে যায়। আর শনিবার সামুদ্রিক জোয়ারের প্রভাবে ড্যামের রাবার খুলে গেছে। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন গাফিলতি নেই।