শ্যামনগরে বেড়িবাঁধ ভেঙে ঘের ও সাতটি গ্রাম প্লাবিত

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১১:৩৩


সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীর দুর্গাবাটি মাদিয়া নামক স্থানে প্রায় আড়াইশ’ ফুট বেড়িবাঁধ ভেঙে প্রবল স্রোতে দেড় শতাধিক বিঘা মাছের ঘের ও ৭টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি প্রবেশ করেছে মাদিয়া, দুর্গাবাটি, আড়পাঙ্গাশিয়া গ্রাম এবং পার্শ্ববর্তী ইউনিয়নের বয়ারসিং ও হেঞ্চিসহ ৭টি গ্রামে।
স্থানীয়রা জানান, গতকাল রবিবার দুপুরে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দুর্গাবাটি-মাদিয়া নামক স্থানে বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ছয় মাস আগেই নতুন বেড়িবাঁধ তৈরির ম্যাপ করা হলেও এখনো পর্যন্ত তা নির্মাণের কাজ শুরু হয়নি। সম্প্রতি স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁধ মেরামতের কাজ শুরু করে। কাজ চলমান থাকা অবস্থায় বাঁধটি ধসে পড়ে। দ্রুত বেড়িবাঁধ সংস্কার করা না হলে উপজেলার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হবে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১-এর নির্বাহী প্রকৌশলী মুজিবর রহমান জানান, বর্তমানে জোয়ার চলছে। ভাটা শুরু হলেই বাঁধ সংস্কারের কাজ শুরু হবে। জেলা প্রশাসক নাজমুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।