বেতাগীতে সুপেয় পানির তীব্র সংকটে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত চার দিনে বেতাগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। পরিস্থিতির অবনতির আশংকা করা হচ্ছে।
দেড় লাখ জনসংখ্যা অধ্যুষিত বেতাগী পৌরসভাসহ উপজেলার বিবিচিনি, বেতাগী সদর, হোসনাবাদ, মোকামিয়া, বুড়ামজুমদার, কাজিরাবাদ ও সরিষামুড়ি ইউনিয়নে কম-বেশি এ রোগের প্রকোপ দেখা দিয়েছে। তবে মোকামিয়া ইউনিয়নে আক্রান্তের সংখ্যা বেশি। সেখান থেকে শনিবার নয় জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। আক্রান্তদের মধ্যে নারী ও শিশুই বেশি। স্থানীয়দের অভিযোগ, পানির স্তর নেমে যাওয়া এবং চাহিদার তুলনায় টিউবওয়েলের সংখ্যা কম হওয়ায় স্থানীয়রা পুকুর, ডোবা, নালার দূষিত পানি ব্যবহার করে ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডা. মোঃ সোহরাফ উদ্দিন বলেছেন, তাপমাত্রার ওঠানামা ও বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে।
এদিকে ৫০ শয্যার উপজেলা হাসপাতালে ২৭টি চিকিত্সকের পদ রয়েছে। বর্তমানে কর্মরত রয়েছেন চার জন। এ সম্পর্কে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর ১০ জন ডাক্তার নিয়োগ দেয়া হলেও বিভিন্ন কারণে তাদের সাত জনই অনুপস্থিত রয়েছেন। ফলে কোনো রকমে চলছে চিকিত্সা কার্যক্রম। বেতাগী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান কবির জানিয়েছেন, হাসপাতালে চিকিত্সা সংকট চরম আকার ধারণ করেছে। তিনি দ্রুত প্রয়োজনীয় চিকিত্সক নিয়োগ দেয়ার দাবি জানিয়েছেন।
