ভিন্ন নামে আসছে ফেনসিডিল

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১১:৫০


ভিন্ন নামে আসছে ফেনসিডিল। ভয়াবহ ফেনসিডিল আগ্রাসন ঠেকাতে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ। গতকাল রবিবার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত মাদক মহাপরিচালক (ডিজি) বৈঠকের প্রথম দিনে এ অনুরোধ জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে ফেনসিডিল বন্ধে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (অপারেশন) প্রণব কুমার নিয়োগী।
ডিজি পর্যায়ের বৈঠকের গতকাল রবিবার ছিল প্রথম দিন। সকাল দশটায় সোনারগাঁও হোটেলে বৈঠক শুরু হয়ে শেষ হয় বিকাল পাঁটায়। উপস্থিত ছিলেন ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ডিজি বিবি মিশ্রর নেতৃত্বে ১১ সদস্যের টিম। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. বজলুর রহমানসহ ১৫ সদস্যের টিম। পরিচালক (অপারেশন) বলেন, বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সর্বশেষ অনুষ্ঠিত ২০১২ সালের ৩ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে নেয়া সিন্ধান্ত কতটা বাস্তবায়ন হয়েছে সে ব্যাপারেও আলোচনা হয়েছে। তিনি বলেন, ফেনসিডিল বন্ধে ভারত বেশকিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সীমান্ত এলাকায় গড়ে ওঠা অবৈধ ফেনসিডিল কারখানা বন্ধ, বিভিন্ন ওষুধ কোম্পানিতে নিষেধাজ্ঞা আরোপ।
তবে চোরাচালানীরা ভিন্ন ভিন্ন নামে ফেনসিডিল বাংলাদেশে সরবরাহ করছে। ফেনসিডিলের সঙ্গে জড়িত, ফেনসিডিলের লেবেলসহ বিভিন্ন বিষয়ের তালিকা ভারতীয় টিমের হাতে দেয়া হয়েছে।  ভারতও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশের সহায়তা চেয়েছে এবং এ সংক্রান্ত একটা তালিকাও তারা প্রদান করেছে। আজ দুপুরে ভারতীয় টিম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করবে।