সিরাজগঞ্জের উলাপাড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদুর রহমান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সালাম (৩৩) উল্লাপাড়া উপজেলার শ্রীরামপুর গহহাট্টা গ্রামের শুকুর আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ১০ বছর পূর্বে আব্দুস সালামের সাথে উলাপাড়া উপজেলার দহখোলা গ্রামের শাহজাহান আলীর কন্যা ফাতেমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে আব্দুস সালাম ৫০ হাজার টাকা যৌতুকের জন্য ফাতেমার ওপর চাপ সৃষ্টি করে। পরে পরিবারের পক্ষ থেকে দুই দফায় ৫০ হাজার টাকা যৌতুক দেয়া হয়। এরপর ফাতেমার কাছে পুনরায় ৫০ হাজার টাকা যৌতুক দাবী করলে উক্ত টাকা দিতে অস্বীকার করে ফাতেমার পরিবার। এ ঘটনায় ফাতেমাকে প্রায়ই মারপিট করতো তার স্বামী। এরই এক পর্যায়ে ২০০৮ সালের ২৬ জুলাই রাতে ফাতেমাকে শ্বাসরোধ হত্যা করে স্বামী ও তার পরিবারের লোকজন। পরে ফাতেমার লাশ সালামের বাড়ির পাশে গাছের সাথে বেধে শরীরে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় নিহতের মামা গোলবার হোসেন ৯ জনকে আসামি করে উলাপাড়ায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ৮জন আসামিকে অব্যাহতি দিয়ে আব্দুস সালামকে আসামি করে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত নিহত ফাতেমার স্বামী আব্দুস সালামকে মৃত্যুাদণ্ডাদেশ প্রদান করে।
