মুরাদনগরে দেয়াল ধসে নিহত ১

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১৫:৩২

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামে সোমবার সকাল ৮টায় পুকুরে গোসল করতে গিয়ে দেয়াল ধসে একজন নিহত হয়েছে। এতে একজন আহত হয়। নিহতের নাম মো. ইউসুফ (১৭) এবং আহতের নাম মো. মিজান (১৫)। তারা দুজনেই উপজেলার রহিমপুর সওদাগর পাড়ার মৃত আলী আহম্মেদের ছেলে। আহত মিজান ইউসুফের সৎ ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রহিমপুর গ্রামের ইউসুফ মিয়া তার ভাই মিজান ও অপর একজন সকাল ৮টায় নেপাল সাহার পুকুর ঘাটে গোসল করতে নামে। এরপর হঠাৎ করে ঘাটের পাশের দেয়াল ধসে পড়লে ইউসুফ এবং তার সৎ ভাই মিজান আহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে কর্তব্যরত ডাক্তার ইউসুফকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মুরাদনগর থানার এসআই খালেদ মোশাররফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। নিহতের পরিবার লাশের ময়নাতদন্তের দাবি করেছেন বলে এস আই খালেদ মোশাররফ জানান।
এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।