কাপাসিয়ায় ছাত্রী ধর্ষণের অভিযোগে নৈশ প্রহরী আটক

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১৫:৪১

গাজীপুরের কাপাসিয়ায় পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরীকে সোমবার দুপুরে আটক করেছে পুলিশ। তিনি বড়বেড় গ্রামের জামাল উদ্দিনের ছেলে আশরাফুল আলম (২৫)।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ জানান, উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী আশরাফুল আলম গত শনিবার রাতে কাজের কথা বলে ঐ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত এক ছাত্রীর বাড়িতে প্রবেশ করে। এ সময় ঐ ছাত্রীর পিতা মাতা বাড়িতে ছিলেন না। সুযোগ পেয়ে তিনি ছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় ছাত্রীর চিৎকারে তার চাচা ও চাচী, আশপাশের লোকজন টের পেয়ে তাকে আটকানোর চেষ্টা করলে আশরাফুল মোবাইল ও কাপড় চোপর ফেলে ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যায়। আজ দুপুরে নির্যাতিত ছাত্রী তার চাচাকে নিয়ে কাপাসিয়া থানায় এসে অভিযোগ দায়ের করে। পুলিশ আসামি আশরাফুলকে দুপুরে বিদ্যালয় থেকে আটক করে।
ছাত্রীকে নির্যাতনের ঘটনাটি ধামাচাপা দিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্যরা গত দুদিন এ নিয়ে ব্যাপক তোড়জোড় করে। তারা ঐ পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখায় বলে অভিযোগ পাওয়া গেছে।