রাজশাহীর চারঘাটে অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান আহত হয়েছেন। গত রবিবার রাত সাড়ে ১০টায় চারঘাট পৌর ভবনের সামনের সড়কে এই ঘটনা ঘটে। আহত এএসআই মিজানুর রহমান বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় কর্মরত। তাকে একাডেমি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসন জানান, আগামী শুক্রবার আহত এএসআই মিজানুর রহমানের মেয়ের বিয়ের অনুষ্ঠানে আত্মীয়-স্বজনদের নিমন্ত্রণ করতে মোটর সাইকেল নিয়ে চারঘাটে গিয়েছিলেন। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ একাডেমিতে ফেরার পথে চারঘাট বাজার থেকে মাত্র ৫০০ গজ দূরে পৌর ভবনের সামনের সড়কে একদল দুর্বৃত্ত দেখে তিনি মোটর সাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হাতে ও পায়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে চারঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক নেতাকর্মীদের নিয়ে ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পরপরই চারঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিজানকে উদ্ধার করে পুলিশ একাডেমি হাসপাতালে ভর্তি করে। ওসি জানান, হামলায় জড়িতদের খোঁজে পুলিশ মাঠে নেমেছে।
